দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সদরদপ্তর পেন্টাগনে বিপজ্জনক পদার্থ-সংক্রান্ত একটি ঘটনার আশঙ্কায় একাধিক তলা ও করিডোর লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ভবনের কিছু অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় অগ্নিনির্বাপন বিভাগ।
বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে জানান, ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থায় বায়ুর গুণগত মান-সংক্রান্ত একটি সমস্যা শনাক্ত হয়েছে। বিষয়টির গুরুত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রভাবিত এলাকাগুলোতে নির্ধারিত স্থানে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রচলিত সুরক্ষা প্রটোকল কার্যকর করা হয়েছে। ভবনে অবস্থানকারীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত রয়েছে।
পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সির বিপজ্জনক পদার্থ মোকাবিলা দল ঘটনাস্থলে কাজ করছে। তাদের সহায়তা করছে আর্লিংটন কাউন্টির অগ্নিনির্বাপন বিভাগ।
বিভাগের মুখপাত্র ক্যাপ্টেন জেমি জিল জানান, দুই সংস্থার সদস্যরা যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন।
এদিকে আর্লিংটন অগ্নিনির্বাপন ও জরুরি চিকিৎসা সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তাদের বিপজ্জনক পদার্থ মোকাবিলা দল পেন্টাগনে চলমান ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।
পেন্টাগনের নিরাপত্তা দলের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বায়ুর গুণগত মান-সংক্রান্ত একটি সমস্যা শনাক্ত হওয়ার পর অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে। এই পরীক্ষা সম্পন্ন করতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে।
বার্তায় আরও বলা হয়, বিভিন্ন সংস্থার সদস্যদের তৎপরতা এবং কেন্দ্রীয় প্রাঙ্গণে সতর্কতামূলক কার্যক্রম দেখা যেতে পারে। তবে এসব কার্যক্রম নিয়ে কোনো ধরনের অনুমান না করার আহ্বান জানানো হয়েছে।
বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, পেন্টাগনের চার থেকে সাত নম্বর করিডোরের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত লকডাউন করা হয়েছে। আরেকটি সূত্রের দাবি, ভবনের ভেতরে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের গ্যাস মাস্ক ও পূর্ণাঙ্গ রাসায়নিক সুরক্ষা পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।
/অ